যুক্তরাষ্ট্রে তরুণ রিপাবলিকানদের মধ্যে বাড়ছে ইসরাইলবিরোধী মনোভাব
আল্লাহর সঙ্গে যুদ্ধ এড়াতে দেশে সুদভিত্তিক অর্থনীতি বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জানিয়েছেন রাজশাহী-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি আলেমদের সমন্বয়ে একটি কমিটি গঠন, জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং সেটি আলেমদের নেতৃত্বে পরিচালনারও প্রস্তাব দেন।
রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বাজেট আলোচনায় অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ইসলামে সুদকে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর সঙ্গে যুদ্ধের শামিল বলা হয়েছে। তাই সুদভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে এসে জাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, বিশ্বের বিভিন্ন দেশে সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশেও ইসলামিক ব্যাংকিংয়ের সম্ভাবনা রয়েছে।
তিনি দাবি করেন, দেশে সঠিকভাবে জাকাত আদায় করা গেলে প্রায় দুই লাখ কোটি টাকা সংগ্রহ সম্ভব, যা বাজেট ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য জাকাত ব্যবস্থাপনা দক্ষ ও স্বচ্ছ করতে আলেমদের নিয়ে একটি পৃথক কমিটি এবং একটি স্বতন্ত্র জাকাত মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দেন তিনি।
সংসদ সদস্য আরও বলেন, কালো টাকা বৈধ করার সুযোগ বন্ধ করা উচিত। একই সঙ্গে মদ ও বিড়ির দাম বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এতে জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়তে পারে।
বাজেট বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাজেটে অপচয় রোধ, জাকাত এবং ইসলামী অর্থনীতির বিভিন্ন বিষয় যথাযথ গুরুত্ব পায়নি। তিনি ঋণনির্ভর অর্থনীতির বিরুদ্ধেও মত দেন এবং বলেন, অতিরিক্ত ঋণের বোঝা দেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।
মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কওমি মাদ্রাসার জন্য পৃথক বাজেট বরাদ্দের দাবি জানান তিনি। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাদ্রাসার শিক্ষার্থীদেরও জুতা ও পোশাক দেওয়ার আহ্বান জানান।
শিক্ষকদের বিষয়ে তিনি বলেন, এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নেওয়া উচিত। যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার মাধ্যমে শিক্ষাব্যবস্থার উন্নয়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
এছাড়া তিনি বলেন, ইসলামের ইতিহাসে রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকার উদাহরণ রয়েছে। সেই প্রসঙ্গ টেনে তিনি মসজিদকেন্দ্রিক সামাজিক ও নৈতিক নেতৃত্বের বিষয়েও মতামত তুলে ধরেন।
