ভিজিএফের চাল যুবদলের খেলার মাঠে, সচিব বললেন তারাও তো গরিব-দুঃখী
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে গরিব-দুঃখীদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল ইউনিয়ন যুবদলের খেলার মাঠে বিতরণের অভিযোগ উঠেছে।
রোববার (২৪ মে) ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় কয়েকটি ভ্যানে করে ৮ থেকে ১০ বস্তা চাল যুবদলের খেলার মাঠে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সব মিলিয়ে প্রায় ৫০ বস্তা চাল আত্মসাৎ করা হয়েছে।
জানা গেছে, ১ হাজার ৪০০ জন সুবিধাভোগীর মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। তবে অভিযোগ রয়েছে, ইউপি সচিব ও কয়েকজন সদস্যের যোগসাজশে প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করে চাল সরিয়ে নেওয়া হয়েছে।
“যুবদলের নামে সরাসরি চাল দেওয়া হয়নি; তারা ভোটার আইডি কার্ড দিয়েছিল, আমরা বিভিন্ন ওয়ার্ডের তালিকায় তাদের নাম ঢুকিয়ে দিয়েছি।”
— ইউপি সদস্য মইনুল
অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদের প্রশাসক, সচিব কিংবা ইউএনও কেউই সেদিন উপস্থিত ছিলেন না। ফলে ইউপি সদস্যরা নিজেদের ইচ্ছামতো চাল বিতরণ করেছেন।
অভিযুক্ত যুবদল নেতা রাজুর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অন্যদিকে ইউনিয়ন পরিষদের সচিব রবীন্দ্রনাথ বর্মন বলেন, “তারাও তো গরিব-দুঃখী মানুষ।”
জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান জানিয়েছেন, অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
