ইরান আলোচনা করছে, তবে স্বীকার করতে ‘ভয় পাচ্ছে’: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনা চলছে: দাবি ট্রাম্পের
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনা করছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ইরানি নেতাদের বক্তব্য তিনি দেখেছেন যেখানে তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে এবং আলোচনায় অংশ নিতে চায় না বলে জানিয়েছে। তবে তিনি এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন।
তার ভাষায়, ইরান আলোচনায় আগ্রহী হলেও তা প্রকাশ্যে স্বীকার করতে ভয় পাচ্ছে। কারণ তারা আশঙ্কা করছে, এ বিষয়ে জনগণের প্রতিক্রিয়া নেতিবাচক হতে পারে।
ট্রাম্পের ধারাবাহিক দাবি
ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরেই দাবি করে আসছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে “খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা” চলছে।
তবে ইরান বারবার এই দাবি অস্বীকার করেছে। ইরানের নেতারা বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না। এমনকি কেউ কেউ মন্তব্য করেছেন, “যুক্তরাষ্ট্র নিজের সঙ্গেই আলোচনা করছে।”
ইরানের অবস্থান
বুধবার রাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, বন্ধুপ্রতিম কয়েকটি দেশের মাধ্যমে সম্প্রতি তেহরানের কাছে বার্তা পাঠিয়েছে ওয়াশিংটন।
তিনি বলেন, ইরানও নিজেদের অবস্থান তুলে ধরেছে এবং সতর্কবার্তা দিয়েছে। তবে এর অর্থ এই নয় যে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা চলছে।
ইরান যুদ্ধ চায় না বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হওয়াই তেহরানের মূল লক্ষ্য।
ক্ষতিপূরণের দাবি
প্রায় চার সপ্তাহ ধরে চলা এই সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ চায় তেহরান বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
