ইউক্রেনে ব্যবহৃত ড্রোন ইরানে পাঠাচ্ছে রাশিয়া
যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা প্রতিহত করতে ইরানকে উন্নত ড্রোন পাঠিয়েছে রাশিয়া
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা প্রতিহত করতে ইরানকে উন্নত প্রযুক্তির ড্রোন পাঠিয়েছে রাশিয়া। চলতি সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর এক মাসেরও বেশি সময় ধরে ইরান ইসরাইল, তার উপসাগরীয় প্রতিবেশী দেশ এবং মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে ধারাবাহিকভাবে ড্রোন হামলা চালাচ্ছে।
যদিও ইরানের নিজস্ব শাহেদ সিরিজের ড্রোন রয়েছে, তবে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের সময় রাশিয়া এসব ড্রোনের নকশায় উন্নতি করেছে এবং এতে উন্নত নেভিগেশন প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
একজন ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, রাশিয়া থেকে ইরানে ড্রোন স্থানান্তর নিয়ে এ মাসে রুশ ও ইরানি কর্মকর্তাদের মধ্যে ‘খুব সক্রিয়’ আলোচনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, এই চালান এককালীন নাকি ধারাবাহিক সহায়তার অংশ—তা এখনও স্পষ্ট নয়। কতগুলো ড্রোন পাঠানো হয়েছে বা এই চালানের গুরুত্ব কতটা—এ বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আরেকজন ইউরোপীয় কর্মকর্তা মনে করেন, অল্পসংখ্যক ড্রোন যুদ্ধের ফলাফলে বড় কোনো পরিবর্তন আনবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, তেহরানকে আরও উন্নত ড্রোন দেওয়ার পেছনে মস্কোর উদ্দেশ্য পরিষ্কার নয়। কারণ তেহরানে পাঠানো প্রতিটি অস্ত্রই এমন যা রাশিয়া নিজেই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করতে পারছে না।
