আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে : রুমিন ফারহানা

আমার এলাকায় ওয়াজ, কীর্তন ও বাউল গান হবে: রুমিন ফারহানা
রাজনীতি

আমার এলাকায় ওয়াজ, কীর্তন ও বাউল গান হবে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২৬ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তার এলাকায় ওয়াজ, কীর্তন ও বাউল গান—সব ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

“আমি যতদিন এই এলাকার দায়িত্বে থাকব, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানও হবে।” — রুমিন ফারহানা

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, গত ১৮ মাসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশে একের পর এক মাজার ভাঙা হয়েছে এবং বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে। বাউল শিল্পীদের হেনস্তা করে জেলে পাঠানোর ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, এসব ঘটনার প্রতিবাদ তিনি বারবার করেছেন। এমনকি সাম্প্রতিক সময়েও সিলেটে একটি বাউল গানের আসরে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

রুমিন ফারহানা আরও বলেন, তিনি স্পষ্টভাবে জানাতে চান—তার দায়িত্বে থাকা এলাকায় ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত থাকবে এবং কেউ এতে বাধা দিতে পারবে না।

Next News Previous News