ট্রাম্পের শান্তি আলোচনার মধ্যেই ইরানে বাড়ছে ইসরাইলি হামলা

ইসরাইল-ইরান যুদ্ধ নিয়ে সতর্কতা
আন্তর্জাতিক

ইসরাইল-ইরান সংঘাত ভয়াবহ রূপ নিচ্ছে, আলোচনার সম্ভাবনা কমছে

আন্তর্জাতিক ডেস্ক

ট্রাম্প প্রশাসনের আলোচনার আশ্বাস সত্ত্বেও ইসরাইল ও ইরানের মধ্যকার যুদ্ধ ক্রমাগত ভয়াবহ রূপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে, সংঘাত যেভাবে তীব্রতর হচ্ছে তাতে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর সম্ভাবনা দ্রুত কমে যাচ্ছে।

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের বিশ্লেষক মোহাম্মদ এলমাসরি বলেছেন, উভয় পক্ষ এখন যুদ্ধের চরম শিখরে ওঠার প্রতিযোগিতায় লিপ্ত, যা কূটনীতির পথকে কার্যত বন্ধ করে দিচ্ছে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইল নিজেই এই উত্তেজনাকে উসকে দিচ্ছে এবং দেশটি এই যুদ্ধের দ্রুত কোনো সমাপ্তি চায় না।

এর প্রমাণ হিসেবে তিনি ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর সাম্প্রতিক ইসরাইলি হামলার কথা উল্লেখ করেন। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হামলা বিলম্বিত করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও ইসরাইল ইরানের ইস্পাত কারখানা ও জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে।

বর্তমানে এসব হামলা আবাসিক এলাকা, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও বিস্তৃত হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে ইরান এসব হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এলমাসরি মনে করেন, বর্তমানে দুই পক্ষের প্রস্তাবনার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। যুক্তরাষ্ট্রের ১৫ দফার প্রস্তাবকে তিনি একটি ‘আত্মসমর্পণ দলিল’ হিসেবে উল্লেখ করেছেন, যার বিপরীতে ইরানের ৫ দফার প্রস্তাবনার সঙ্গে কোনো মিল নেই।

তার মতে, এ পরিস্থিতিতে কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্য এক বৃহত্তর ও দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে।

Next News Previous News