ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্ট
যুক্তরাষ্ট্র ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে কয়েক হাজার মার্কিন সেনাকে জড়ো করা হয়েছে এবং তাদের দিয়েই সম্ভাব্য এই স্থল অভিযান পরিচালনা করা হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযান সাধারণ স্থল হামলার মতো হবে না। এর পরিবর্তে বিশেষ বাহিনী (স্পেশাল ফোর্স) এবং কামান সেনারা ইরানের ভেতরে রেইড বা আকস্মিক হামলা চালাতে পারে।
তবে এতে মার্কিন সেনারা ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং গুলির মুখে পড়তে পারেন বলে সতর্কতা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজে যোগাযোগ করলে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, “প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া, যাতে কমান্ডার ইন চিফ (প্রেসিডেন্ট) প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন।”
তিনি আরও বলেন, পরিকল্পনা করা মানেই এই নয় যে প্রেসিডেন্ট ইতোমধ্যে স্থল হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
সম্ভাব্য স্থল হামলার লক্ষ্য হিসেবে খারগ দ্বীপকে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। হরমুজ প্রণালির কাছে অবস্থিত এই দ্বীপ থেকেই ইরান তাদের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি করে।
মার্কিন পরিকল্পনায় এই দ্বীপে হামলা চালিয়ে হরমুজ প্রণালির জাহাজ চলাচল নিরাপদ রাখার চেষ্টা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
একজন কর্মকর্তা বলেছেন, সম্ভাব্য এই স্থল অভিযানের মেয়াদ কয়েক সপ্তাহ হতে পারে। তবে অন্য একটি সূত্রের দাবি, এটি কয়েক মাস পর্যন্তও চলতে পারে।
