ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের
ইরানে ‘এপিক ফিউরি’ অপারেশন: যুক্তরাষ্ট্রের হামলা ও তেহরানে বিস্ফোরণ
ইরানে অপারেশন ‘এপিক ফিউরি’ নামে হামলার অংশ হিসেবে ইতোমধ্যেই ছয় হাজার লক্ষ্যবস্তুতে আঘাত চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এসব হামলার মধ্যে ৬০টি জাহাজ এবং ৩০টি মাইন বসানোর নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে।
সেন্টকমের প্রকাশিত তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ইসরাইলের সেনাবাহিনী তেহরানে নতুন করে বিমান হামলার ঘোষণা দিয়েছে। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, হামলা ভোর প্রায় ৫টা পর্যন্ত তীব্রভাবে চলেছে। শুক্রবার সকালে আরাকে বিমান হামলার বহু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। কারাজ থেকেও একই ধরনের খবর এসেছে।
তেহরানের বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণগুলো এতই শক্তিশালী ছিল যে বিস্ফোরণের স্থান থেকে অনেক দূরেও কম্পন অনুভূত হয়েছে। বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সিও দক্ষিণ তেহরান থেকে বিমান হামলা ও বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।
“মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এবং খুব ভালোভাবে চলছে। ইরান এখন বড় মাসুল দিচ্ছে।”
এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে। তিনি ইরানকে ‘সন্ত্রাস ও ঘৃণার জাতি’ হিসেবে উল্লেখ করেছেন।
