তেল আবিবসহ একাধিক স্থানে হামলা, সব সক্ষমতা ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

নিরাপত্তা রক্ষায় সব ধরনের সক্ষমতা ব্যবহারের হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক

নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সক্ষমতা ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

প্রকাশ: ২১ মার্চ ২০২৬

নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে সব ধরনের সক্ষমতা ব্যবহার করা হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র এই মন্তব্য করেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি বলেন, ইরান অত্যন্ত দক্ষতা ও শক্তির সঙ্গে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে এবং এ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপের অধিকার নেই।

ইরানের দাবি, প্রয়োজন হলে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করবে।

ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে তিনি আরও দাবি করেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরাকের এরবিল শহরে ব্যাপক হামলা চালিয়েছে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটি এবং মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়।

ইসরাইলের আশকেলন, তেল আবিব, হাইফা এবং গুশ দান এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার কথাও উল্লেখ করেছে আইআরজিসি।

আইআরজিসি আরও জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর “প্রতারণামূলক আচরণ” ইরানকে যুদ্ধক্ষেত্র থেকে বিচ্যুত করতে পারবে না।

তাদের মতে, শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক কার্যক্রম এখন স্পষ্ট হয়ে গেছে এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পিছু হটতে বাধ্য হবে।

Next News Previous News