নিউইয়র্কে বিমানের সঙ্গে ফায়ার ট্রাকের সংঘর্ষ, ২ পাইলট নিহত
নিউ ইয়র্কে বিমান ও ফায়ার ট্রাকের সংঘর্ষে পাইলট-সহ নিহত ২, আহত ৪১
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে ফায়ার ট্রাকের সংঘর্ষে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ৪১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার পর কুইন্সের এই বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে। মন্ট্রিয়ল থেকে আসা জ্যাজ এভিয়েশন পরিচালিত এয়ার কানাডা এক্সপ্রেসের ফ্লাইট ৮৬৪৬ রানওয়ে ৪-এ অবতরণের শেষ পর্যায়ে প্রায় ৩০ মাইল গতিতে থাকার সময় একটি ফায়ার ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ফায়ার ট্রাকটি অন্য একটি বিমানের জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে যাচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনায় পোর্ট অথরিটির এক সার্জেন্ট ও এক কর্মকর্তা হাড় ভাঙাসহ গুরুতর আহত হন। তবে চিকিৎসকদের মতে তারা সুস্থ হয়ে উঠবেন।
আহত যাত্রীদের নিউ ইয়র্কের এলমহার্স্ট হাসপাতাল এবং নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার আগে রেডিও বার্তায় এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে ফায়ার ট্রাকটিকে থামতে নির্দেশ দিতে শোনা যায়। তবে সেই নির্দেশ পৌঁছানোর আগেই সংঘর্ষ ঘটে যায়।
দুর্ঘটনার সময় বৃষ্টি ও কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় তিন মাইলে নেমে এসেছিল। তবে আবহাওয়া এই দুর্ঘটনার কারণ কিনা তা এখনো নিশ্চিত নয়।
ঘটনার পর লাগার্ডিয়া বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং সোমবার দুপুর ২টা পর্যন্ত সব ফ্লাইট স্থগিত রাখে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)। এ ঘটনায় জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড ও এফএএ যৌথভাবে তদন্ত শুরু করেছে।
এফএএর গাফিলতির অভিযোগ
যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগের সাবেক পরিদর্শক জেনারেল মেরি শিয়াভো বলেছেন, এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল এবং এর জন্য এফএএর দায়িত্বহীনতাই দায়ী।
তার মতে, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ও গ্রাউন্ড কন্ট্রোলের মধ্যে সমন্বয়ের ঘাটতিই এই দুর্ঘটনার মূল কারণ। বিমানকে রানওয়েতে নামার অনুমতি দেওয়ার পরও একই রানওয়েতে ফায়ার ট্রাক ঢোকার অনুমতি দেওয়াকে তিনি ‘স্পষ্ট ভুল’ বলে উল্লেখ করেন।
শিয়াভো আরও বলেন, সম্প্রতি আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনাতেও একই ধরনের অবহেলার বিষয় সামনে এসেছে।
