তিন শব্দে ভারতীয় মুসলমানদের অবস্থা তুলে ধরলেন মাহমুদ মাদানী
তিন শব্দে ভারতীয় মুসলমানদের অবস্থা তুলে ধরলেন মাওলানা মাহমুদ মাদানী
ভারতের মুসলমানদের সর্ববৃহৎ সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি এবং প্রভাবশালী আলেম মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী তিনটি শব্দে ভারতীয় মুসলমানদের বর্তমান অবস্থা তুলে ধরেছেন। তার মতে, ভারতের মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশ নিজেদের “অনিরাপদ, কোণঠাসা এবং অপমানিত” মনে করছেন।
বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের মতো বিশাল দেশে বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। তবে উদ্বেগের বিষয় হলো, যখন কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পক্ষপাতমূলক হয়ে ওঠে।
তিনি বলেন, “যাদের কাজ অন্যায় ঠেকানো এবং ন্যায়বিচার নিশ্চিত করা, তারাই আজ অনেক ক্ষেত্রে চোখ বুজে আছেন।”
মাহমুদ মাদানী আরও উল্লেখ করেন যে, আন্তর্জাতিক মহলেও এই ধারণা শক্তিশালী হচ্ছে যে ভারতে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।
আসামের কথিত অবৈধ অভিবাসী ইস্যু নিয়ে তিনি বলেন, এই বিষয়টিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। ধর্ম নির্বিশেষে যেকোনো বিদেশি নাগরিক বৈধ নথিপত্র ছাড়া ভারতে থাকলে তাকে থাকার অনুমতি দেওয়া উচিত নয়।
এনআরসি প্রক্রিয়া নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, অনেক ক্ষেত্রেই বৈধ নাগরিকদেরও ‘বাংলাদেশি’ বলে সম্বোধন করা হচ্ছে। এমনকি আসামের মুখ্যমন্ত্রী তাকেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন বলে তিনি উল্লেখ করেন।
উত্তরপ্রদেশসহ বিভিন্ন স্থানে রাস্তায় ঈদের নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি আইনের সমান প্রয়োগের দাবি জানান।
তার মতে, সরকার যদি সিদ্ধান্ত নেয় যে রাস্তায় কোনো ধর্মীয় কর্মকাণ্ড চলবে না, তবে সেই নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত এবং তা যেন একতরফা না হয়।
জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের অন্যতম প্রাচীন ও বৃহৎ সংগঠন। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় এই সংগঠনের জন্ম এবং উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এর উল্লেখযোগ্য অবদান রয়েছে।
মাওলানা মাহমুদ মাদানী ব্রিটিশবিরোধী সংগ্রামের অন্যতম নেতা সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানীর দৌহিত্র এবং সাইয়্যেদ আসআদ মাদানীর পুত্র।
তার বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব ও উদ্যোগের মাধ্যমে ভারতীয় মুসলমানদের একটি অভিন্ন প্লাটফর্মে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের পক্ষে তার অবস্থান ভারতের বিভিন্ন মহলেও স্বীকৃতি পেয়েছে।
