ইরানের পানি সরবরাহ কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ে হামলা
ইরানের পানি সরবরাহ কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ে হামলা
গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের বেশ কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের হাফতকেলে একটি গুরুত্বপূর্ণ পানি সরবরাহ কেন্দ্রেও হামলার খবর পাওয়া গেছে।
ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতির বরাত দিয়ে ইরনা জানিয়েছে, এই পানি সরবরাহ কেন্দ্রটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। হামলার ফলে সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এদিকে শনিবার রাতে ইসরাইলি ও মার্কিন যুদ্ধবিমান ইরানের দুটি বিশ্ববিদ্যালয়েও হামলা চালিয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
তেহরান থেকে আলজাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানী তেহরানেও ব্যাপক বোমাবর্ষণ হয়েছে। বেশ কয়েকটি স্থানে হামলা হয়েছে, তবে ঠিক কোন কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
তিনি বলেন, ইরান সাধারণত ‘যেমন কুকুর তেমন মুগুর’ নীতি অনুসরণ করে থাকে। অতীতেও এ ধরনের হামলার জবাবে ইরানের সামরিক বাহিনী একই ধরনের পাল্টা আঘাত হেনেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক কড়া বিবৃতিতে বলেছে, এই হামলার জবাবে তারা অঞ্চলজুড়ে মার্কিন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।
এদিকে তাবরিজ, শিরাজ এবং হরমোজগান প্রদেশেও হামলার খবর পাওয়া গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
