ট্রাম্পকে ইরানের সরকার পরিবর্তনের আহ্বান রেজা পাহলভির
ইরানের বিকল্প নেতৃত্ব হিসেবে নিজেকে তুলে ধরলেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি
ইরানের সরকারের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন ওঠার মধ্যেই দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের একটি ডানপন্থি সম্মেলনে নিজেকে বিকল্প নেতৃত্ব হিসেবে তুলে ধরেছেন। সেখানে উপস্থিত শ্রোতাদের কাছ থেকে তিনি জোরালো সমর্থনও পেয়েছেন।
শনিবার (২৮ মার্চ) দেওয়া বক্তব্যে পাহলভি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ইরানের সঙ্গে কোনো সমঝোতার পরিবর্তে সরকার পরিবর্তনের নীতি অনুসরণ করা উচিত।
তিনি বলেন, “ভাবতে পারেন, ‘ডেথ টু আমেরিকা’ থেকে ইরান যদি ‘গড ব্লেস আমেরিকা’-তে পৌঁছে যায়?”
আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে আবার মহান করছেন। আমিও ইরানকে আবার মহান করতে চাই।”
তার এই বক্তব্যে উপস্থিত শ্রোতারা দাঁড়িয়ে করতালি দেন এবং কেউ কেউ ‘লং লিভ দ্য কিং’ স্লোগান দেন।
এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র দীর্ঘ এক মাস ধরে ইরানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এতে এ পর্যন্ত ইরানে অন্তত ১,৯৩৭ জন নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
রেজা পাহলভি বর্তমানে প্রবাসী ইরানিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিরোধী কণ্ঠ হিসেবে পরিচিত। তার সমর্থকেরা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে তার ছবি এবং ইরানের বিপ্লব-পূর্ব পতাকা বহন করে থাকে।
তবে প্রবাসী ইরানিদের একটি অংশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ফলে ইরানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
অন্যদিকে পাহলভি ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির সঙ্গে একমত হয়ে বলেন, “এই শাসনব্যবস্থা পুরোপুরি সরাতে হবে।”
