ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী নিহত
ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব নিহত
ইসরাইলের হামলায় ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এই হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছেন।
গত বুধবার ইসরাইলি সামরিক বাহিনী এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ দাবি করেন, ইসমাইল খতিবকে হত্যা করা হয়েছে। তিনি জানান, গত মঙ্গলবার (১৭ মার্চ) রাতে তেহরানে ইসমাইল খতিবকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
কয়েক ঘণ্টা পরই গোয়েন্দা বিষয়ক মন্ত্রীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, ‘আমার প্রিয় সহকর্মী ইসমাইল খতিব, আলি লারিজানি এবং আজিজ নাসিরজাদেহ, সেইসাথে তাদের পরিবারের কিছু সদস্য ও সঙ্গীদের কাপুরুষোচিত হত্যাকাণ্ড আমাদের শোকাহত করেছে।’
ইসমাইল খতিব ২০২১ সালের আগস্ট থেকে গোয়েন্দা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সে সময় ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। রাইসির মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্ষমতায় এলেও খাতিবকে তার পদে বহাল রাখেন। সাধারণত নতুন প্রেসিডেন্টরা শীর্ষ পদে পরিবর্তন আনেন, তাই এই সিদ্ধান্তটি ব্যতিক্রম হিসেবে দেখা হয়।
ইসমাইল খতিবকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ ছিলেন বলে মনে করা হয়। তাকে কট্টরপন্থী হিসেবেও বিবেচনা করা হতো, যিনি পেজেশকিয়ানের তুলনামূলক নরম অবস্থানকে নিয়ন্ত্রণে রাখতে পারতেন।
