নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল
দিনাজপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল
দিনাজপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ২ মিনিট ৩ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়।
জানা গেছে, ভিডিওটি বাংলাদেশ ছাত্রলীগের একটি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, দিনাজপুর জেলা ছাত্রলীগের সদস্য ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস আলমের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মুখে মাস্ক ও মাথায় সাদা টুপি পরে ব্যানার নিয়ে মিছিল করছেন।
মিছিলে প্রদর্শিত ব্যানারে লেখা ছিল, ‘বাংলাদেশ আওয়ামী লীগ-এর নিষেধাজ্ঞা মানি না, মানব না’, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে’, ‘পুলিশ হত্যার বিচার চাই’ এবং ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও বিক্ষোভ মিছিল’।
ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘চলছে লড়াই, চলবে; ছাত্রলীগ লড়বে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।
ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়কে এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
ভিডিওটি বর্তমানে ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই।’
