নারীদের জন্য দুই বিশেষায়িত হাসপাতাল, নিয়োগ পাবে ১ লাখ স্বাস্থ্যকর্মী

স্বাস্থ্যখাতে বড় পরিকল্পনা: নারী হাসপাতাল ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশে নারীদের জন্য পৃথকভাবে দেড় হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যার মধ্যে ৮০ হাজারই নারী।

রোববার (১৪ জুন) নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নবনির্মিত ১০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি দেশের আরও ৯টি জেলার সরকারি হাসপাতালে আইসিইউ ইউনিটও উদ্বোধন করেন।

২০টি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

মন্ত্রী জানান, স্বাস্থ্যখাতে দীর্ঘমেয়াদি সংস্কার ও আধুনিকায়নের অংশ হিসেবে সরকার সারা দেশে ২০টি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে দুটি হাসপাতাল শুধুমাত্র নারীদের জন্য হবে।

এই বিশেষায়িত হাসপাতালগুলোতে স্তন ও জরায়ু ক্যানসারের চিকিৎসা, মাতৃস্বাস্থ্যসেবা, কিডনি ডায়ালাইসিস, পুনর্বাসন এবং সাধারণ চিকিৎসাসহ বিভিন্ন সেবা নিশ্চিত করা হবে।

বাকি ১৮টি হাসপাতাল হবে এক হাজার শয্যার। প্রতিটি হাসপাতালে পাঁচটি আধুনিক অ্যাম্বুলেন্স এবং জরুরি রোগী পরিবহনের জন্য চারটি হেলিকপ্টার সংযুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে জানান মন্ত্রী।

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

মন্ত্রী বলেন, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তাদের মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী থাকবেন।

এরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা, রোগের প্রাথমিক স্ক্রিনিং এবং প্রয়োজনীয় সেবা প্রদান করবেন। এতে গ্রামীণ ও শহরাঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।

হাসপাতালের পরিবেশ নিয়ে অসন্তোষ

এর আগে সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে মন্ত্রী হাসপাতালের অপরিচ্ছন্নতা, ময়লা-আবর্জনা ও রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন।

তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, আগামী তিন দিনের মধ্যে হাসপাতালের পরিবেশ উন্নত না করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যকে নিয়মিত তদারকির দায়িত্ব দেওয়ার কথাও জানান তিনি।

Next News Previous News