ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি মোদির নেতৃত্বে ‘বুমেরাং’ হবে : পুতিন

ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার যেকোনো বাহ্যিক চেষ্টা বা সম্ভাব্য নিষেধাজ্ঞার হুমকি উল্টো ফল বয়ে আনবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (৫ জুন) সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, যা নিজস্ব জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে।

পুতিনের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত এমন অবস্থানে রয়েছে যেখানে বাইরের চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করার সম্ভাবনা খুবই কম। তিনি বলেন, ভারতের বিরুদ্ধে যেকোনো ধরনের নিষেধাজ্ঞা বা চাপ প্রয়োগের চেষ্টা শেষ পর্যন্ত ‘বুমেরাং’ হয়ে ফিরে আসতে পারে।

রুশ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথাও উল্লেখ করেন। তিনি অতীতে মোদির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলে ধরে বলেন, বর্তমান বাস্তবতায় ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে চলেছে।

রাশিয়ার উন্নত সামরিক প্রযুক্তি, বিশেষ করে সুখই-৫৭ যুদ্ধবিমান বা এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে ভারতের ওপর সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে কি না— এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, ভারত তার প্রয়োজন ও জাতীয় স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রাখে।

তিনি আরও বলেন, ভারত যে প্রযুক্তি বা পণ্যকে সবচেয়ে আধুনিক, কার্যকর এবং অর্থনৈতিকভাবে লাভজনক মনে করবে, সেটিই বেছে নেবে। বাইরের মতামত বা চাপ ভারতের সিদ্ধান্তকে প্রভাবিত করবে না বলেও তিনি মন্তব্য করেন।

Next News Previous News