গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভাঙতে চাইছে ইসরাইল: হামাস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি তাঁবুতে ইসরাইলি হামলায় পাঁচজন নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। একই সঙ্গে সংগঠনটি অভিযোগ করেছে, ইসরাইল চলমান যুদ্ধবিরতি চুক্তিকে দুর্বল করে দিতে এবং ভেঙে ফেলতে কাজ করছে।
শনিবার (৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামাসের দাবি, হামলাটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে এবং এটি বেসামরিক জনগণের বিরুদ্ধে আরেকটি ভয়াবহ আক্রমণ।
সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, শিশু ও নারীদের ওপর এই হামলা গাজায় চলমান সংঘাতের অংশ এবং এটি বেসামরিক মানুষের বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধের ধারাবাহিকতা।
তিনি আরও উল্লেখ করেন, হামলার সময় কায়রোতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছিল। হামাসের মতে, এই ধরনের হামলা যুদ্ধবিরতির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।
হামাস অভিযোগ করে যে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় বিভিন্ন সময়ে হামলা অব্যাহত রয়েছে এবং এসব পদক্ষেপ শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
তবে এ বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
