গাজা নিয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতির দাবি হামাসের, তবু থামছে না আগ্রাসন
গাজা ইস্যুতে আলোচনায় অগ্রগতি দাবি হামাসের
গাজা ইস্যুতে মিশরের কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে দাবি করেছে হামাস। তবে আলোচনার মধ্যেও উপত্যকায় থেমে নেই ইসরাইলি আগ্রাসন। দখলদার বাহিনীর হামলায় নতুন করে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুন) দক্ষিণ গাজা সিটির আল-মাগরাবি জংশনের কাছে একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন।
স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবরের মাঝামাঝি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরাইলি হামলায় প্রায় এক হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন থাকা অন্তত ১৬ হাজার ৫০০ জন ফিলিস্তিনিকে গাজা ছাড়তে দেয়নি ইসরাইল। এতে বহু রোগীর চিকিৎসা বিলম্বিত হচ্ছে এবং তাদের জীবন ঝুঁকিতে পড়ছে।
অন্যদিকে, মিশরের রাজধানী কায়রোতে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে চলছে বলে জানিয়েছে সংগঠনটি। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বদরান বলেন, ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করা এবং ইসরাইলের লক্ষ্য ব্যর্থ করাই আলোচনার মূল উদ্দেশ্য।
পশ্চিম তীর ইস্যুতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে ইসরাইলের সঙ্গে নিরাপত্তা সমন্বয়ের মাধ্যমে গ্রেফতার ও দমননীতিতে সহযোগিতার অভিযোগ তুলেছে হামাস।
একই সময়ে নাবলুসে একটি গাড়ি জব্দ করেছে ইসরাইলি বাহিনী এবং জেনিনে সামরিক অভিযানে বিস্ফোরক হামলায় কয়েকজন ইসরাইলি সেনা আহত হয়েছেন বলে জানা গেছে।
