ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত: রিপোর্ট

ইরানের জব্দকৃত বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে ইউএই, আলোচনায় নতুন মোড়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য একটি বড় ধরনের সমঝোতার গুঞ্জনের মধ্যেই ইরানের জব্দকৃত কয়েক বিলিয়ন ডলারের অর্থ ছাড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে নির্ভরযোগ্য কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা এবং ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে আবুধাবি এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি এমন সময় সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নতুন পর্যায়ে পৌঁছানোর দাবি করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার বিরোধ নিরসনে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার বক্তব্যের পরপরই ইরানের আটকে থাকা অর্থ ছাড়ের খবর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদেশি ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানের তেল বিক্রির বিপুল অর্থ ধাপে ধাপে ছাড় দেওয়ার একটি রূপরেখা নিয়ে আলোচনা চলছে।

আঞ্চলিক দুটি সূত্রের দাবি, ইউএই প্রায় ১০ বিলিয়ন ডলারের তহবিল ছাড় করতে সম্মত হয়েছে এবং এর মধ্যে ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ ইতোমধ্যে ফেরত দেওয়া হয়েছে। তবে অন্য কিছু সূত্রের মতে, জব্দকৃত অর্থের পরিমাণ ২০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

সূত্রগুলো আরও বলছে, ইরান ও ইউএইর মধ্যে পর্দার আড়ালে হওয়া আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা এবং হামলা বন্ধের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

বিশ্লেষকদের মতে, যদি অর্থ ছাড় এবং চলমান কূটনৈতিক আলোচনা সফল হয়, তাহলে তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কেও নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।

Next News Previous News