বিএনপির অনেক নেতাকর্মী এনসিপিতে যোগ দিচ্ছে : আখতার হোসেন
রংপুরে এক যোগদান অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন দাবি করেছেন, বিএনপির অনেক নেতাকর্মী জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে একাত্ম হয়ে এনসিপিতে যোগ দিচ্ছেন।
সোমবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয়ে বিএনপি থেকে স্থানীয় নেতাকর্মী ও নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, “বিএনপি থেকে আজ অনেকেই এনসিপিতে যোগদান করছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আপনারাও চব্বিশের গণঅভ্যুত্থানের সময় আমাদের সঙ্গে রাজপথে ছিলেন এবং একই আন্দোলনে অংশ নিয়েছিলেন।”
তিনি আরও বলেন, “সরকার গঠনের পর বিএনপি গণভোটের রায়কে অস্বীকার করেছে। জনগণের ভোট ও রাষ্ট্রীয় সংস্কারের এজেন্ডাকে যারা উপেক্ষা করছে, তাদেরকে জনগণের দল হিসেবে দেখা কঠিন। এ কারণেই অনেকেই জনগণের পক্ষে অবস্থান নেওয়া এনসিপিতে যোগ দিচ্ছেন।”
অনুষ্ঠানে তিনি বিএনপি থেকে আগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, “জুলাইয়ের রাজপথের যোদ্ধা হিসেবে যারা আজ এনসিপিতে এসেছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে বরণ করে নিচ্ছি।”
অনুষ্ঠানে টেপামধুপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ আলী এবং সাবেক সেক্রেটারি রফিকুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন এলাকার ৪৩ জন নেতাকর্মী ও ৬০ জন সাধারণ নাগরিক এনসিপিতে যোগ দেন।
পরে তাদের ফুলের মালা দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেন আখতার হোসেন।
