চেয়ারম্যানসহ সবার পদত্যাগের দাবিতে ফের আন্দোলনে ইসলামী ব্যাংকের গ্রাহকরা

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলন
মঙ্গলবার | মতিঝিল, ঢাকা

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের পদত্যাগ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন ব্যাংকটির গ্রাহকরা।

মঙ্গলবার সকাল ৯টা থেকে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জলকামান ও সাজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে।

আন্দোলনকারীরা দাবি করছেন, ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক এমডিকে পুনর্বহালের দাবি জানিয়ে কর্মসূচি পালন করছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল থেকেই গ্রাহক, শেয়ারহোল্ডার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হতে শুরু করেন। তারা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবির পক্ষে বক্তব্য রাখেন।

এর আগে সোমবার একই দাবিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন আহত হন বলে তারা দাবি করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে।

আন্দোলনের মুখে সোমবার ইসলামী ব্যাংকের পূর্বনির্ধারিত পরিচালনা পর্ষদের সভা সশরীরে অনুষ্ঠিত হতে পারেনি। পরে রাতে ভার্চুয়াল মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়। নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পাঁচজন সদস্য অংশ নেন এবং সেখানে এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই তার নিয়োগের বিরোধিতা করে বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করে আসছেন একদল গ্রাহক ও শেয়ারহোল্ডার।

সেই ধারাবাহিকতায় টানা দ্বিতীয় দিনের মতো আজও ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা।

Next News Previous News