বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ-ভারত একসঙ্গে হলে বিশ্বশক্তি হতে পারে: দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্মিলিত জনশক্তি এবং সক্ষমতা একত্রিত হলে তা আন্তর্জাতিক পরিসরে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে।

শুক্রবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের প্রায় ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মানুষ মিলিয়ে ১৬০ কোটিরও বেশি মানুষের একটি শক্তিশালী জনসমষ্টি গড়ে ওঠে, যা বিশ্বের অন্যতম বৃহৎ মানবসম্পদ।

দিনেশ ত্রিবেদী বলেন, “একটা শক্তি হলে হবে না। দুই দেশ মিলে যে শক্তি হবে, সেটাই আসল শক্তি। সেই শক্তিকে পুরো পৃথিবীর সামনে তুলে ধরতে হবে।”

তিনি আরও বলেন, দুই দেশের প্রতিভা, দক্ষতা ও সম্পদকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলাধুলা, স্বাস্থ্য, প্রযুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।

সীমান্তে পুশইন, ভ্রমণ ও বাণিজ্যসংক্রান্ত বিধিনিষেধ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ও ভারত অভিন্ন ভূগোল, আকাশ ও পরিবেশ ভাগাভাগি করে। তাই দুই দেশের স্বার্থ ও কল্যাণ বিবেচনায় ভবিষ্যতে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশে পৌঁছানোর সময় নোম্যান্স ল্যান্ডে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় হাইকমিশন এবং বেনাপোল স্থলবন্দরের প্রতিনিধিরা। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী মৃণাল ত্রিবেদী।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে ভারত সরকার Dinesh Trivedi-কে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি Pranay Verma-এর স্থলাভিষিক্ত হয়েছেন। বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে দেশটিতে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হলো।

Next News Previous News