ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে কী বলছেন নেতানিয়াহু
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সমঝোতা চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত এবং ইসরায়েল নিজের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতার সব খুঁটিনাটি তার জানা নেই। তিনি উল্লেখ করেন, এই উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে হয়েছে এবং এটি মূলত যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত। তবে ইসরায়েলের নিজস্ব নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রয়েছে, যা রক্ষায় দেশটি স্বাধীনভাবে কাজ করবে।
ইরান প্রসঙ্গে তিনি দাবি করেন, ইসরায়েল বিভিন্ন অভিযানের মাধ্যমে ইরানের নিরাপত্তা কাঠামোকে দুর্বল করেছে এবং সম্ভাব্য পারমাণবিক হুমকি মোকাবিলায় সফল হয়েছে। তার মতে, এসব পদক্ষেপ ইসরায়েলকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করেছে।
নেতানিয়াহু বলেন, ইসরায়েল ও তার জনগণের বিরুদ্ধে থাকা ঝুঁকি কমানো সম্ভব হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, এই লড়াই এখনো শেষ হয়নি এবং নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
লেবানন পরিস্থিতি নিয়ে বক্তব্যে তিনি বলেন, হিজবুল্লাহ যেসব এলাকা ব্যবহার করে ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করত, সেগুলোর ওপর এখন ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। সীমান্তবর্তী এলাকায় কোনো সশস্ত্র গোষ্ঠীকে পুনরায় শক্ত অবস্থান গড়ে তুলতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
লেবাননের বাফার জোনে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, প্রয়োজন হলে সামরিক অভিযান পরিচালনার স্বাধীনতা বজায় রাখতেই ইসরায়েল কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য থাকলেও দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা অব্যাহত রয়েছে। তিনি ইঙ্গিত দেন, কৌশলগত বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনও ঘনিষ্ঠ সমন্বয়ের মধ্যেই কাজ করছে।
