চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ

কিশোরগঞ্জ সদরে চাঁদা না দেওয়ায় যুবদল নেতা বাবুল মিয়াকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। বাবুল মিয়া লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়াকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

ফিল্মি কায়দায় তুলে নেওয়ার অভিযোগ

বাবুল মিয়া জানান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তার লোকজন দিয়ে নিঝুম রেস্টুরেন্ট থেকে তাকে ফিল্মি কায়দায় তুলে নিয়ে যায়। পরে একটি নির্জন স্থানে নিয়ে তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়।

চাঁদা দাবির অভিযোগ

বাবুল মিয়ার অভিযোগ, শহীদ তার দোকানে এসে ৬ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে বিষয়টি থানায় অবহিত করেন। এর জের ধরেই তাকে তুলে নিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

থানায় লিখিত অভিযোগ

ঘটনার পর মঙ্গলবার রাতে বাবুলের বাবা মো. হাদিস মিয়া বাদী হয়ে বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ অস্বীকার

তবে অভিযোগ অস্বীকার করে শহীদুল ইসলাম শহীদ বলেন, বাবুলের সঙ্গে তার কোনো বিরোধ নেই এবং তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।

Next News Previous News