আসিফ মাহমুদের বিতর্কিত বক্তব্য: ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দেব’
‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’—আসিফ মাহমুদের নামে ভাইরাল মন্তব্যটি মিথ্যা
সম্প্রতি অনলাইনে প্রচার করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব।’
ফ্যাক্টচেক
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এমন কোনো মন্তব্য করেননি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রকৃতপক্ষে, দাবিটির সূত্রপাত একটি সার্কাজম (ব্যঙ্গাত্মক) ফেসবুক পেজ থেকে হলেও পরবর্তীতে তা আসল বক্তব্য হিসেবে অনলাইনে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্রে তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
পাশাপাশি, আসিফ মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পর্যবেক্ষণেও আলোচিত দাবির সঙ্গে সম্পর্কিত কোনো পোস্ট পাওয়া যায়নি।
ব্যঙ্গাত্মক পেজ থেকে সূত্রপাত
অনুসন্ধানে দেখা যায়, ‘নিউজ টাইম টিভি’ নামের একটি ফেসবুক পেজে গত ২৮ মার্চ আলোচিত দাবির মূল পোস্টটি প্রকাশ করা হয়। ওই পেজের ফটোকার্ডটি পরবর্তীতে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে।
পেজটি পর্যবেক্ষণ করলে এর বায়োতে ক্যাটাগরি হিসেবে ‘Satire/Parody’ উল্লেখ পাওয়া যায়। এছাড়াও পেজটিতে আরও নানা ব্যঙ্গাত্মক পোস্ট রয়েছে।
উপসংহার
এসব তথ্য থেকে নিশ্চিত হওয়া যায়, আলোচিত দাবিটি মূলত একটি ব্যঙ্গাত্মক বা সার্কাজম পোস্ট থেকে ছড়িয়েছে।
সুতরাং, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’—এমন মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
