যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি, জানালেন গুরুত্বপূর্ণ বার্তা
মার্কিন জনগণের উদ্দেশে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
মার্কিন জনগণের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিঠিতে তিনি ইরানের অবস্থান ব্যাখ্যা করে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।
ইরানের অবস্থান
“আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন, সম্প্রসারণ, উপনিবেশবাদ বা আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি। ইরান কখনোই আগে কোনো যুদ্ধ শুরু করেনি। তবে যারা ইরানকে আক্রমণ করেছে, তাদের অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করেছে।”
তিনি ইরানকে ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করেন। তার মতে, ইরানকে আগ্রাসী হিসেবে তুলে ধরা ‘ঐতিহাসিক বাস্তবতার’ সঙ্গে সংগতিপূর্ণ নয়।
প্রেস টিভিতে প্রকাশ
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’-তে প্রকাশিত এই চিঠিতে পেজেশকিয়ান আরও লিখেছেন—
“ইরান তার নাম, সত্তা আর পরিচয়ের দিক থেকে মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক এক সভ্যতা।”
‘হুমকি’ ইমেজ তৈরির অভিযোগ
ইরানকে ‘হুমকি’ হিসেবে তুলে ধরার পেছনে বহিরাগত স্বার্থ কাজ করছে বলে দাবি করেন তিনি।
“ইরানকে হুমকি হিসেবে দেখানো ঐতিহাসিক বা দৃশ্যমান বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ধরনের ধারণা মূলত ক্ষমতাধরদের রাজনৈতিক ও অর্থনৈতিক খেয়ালখুশির ফসল। নিজেদের চাপ সৃষ্টিকে বৈধতা দেওয়া, সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্র শিল্প টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজারগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য একটি ‘শত্রু’ তৈরির প্রয়োজন থেকেই এমনটা করা হচ্ছে।”
