হরমুজ প্রণালী পার হতে বাংলাদেশের ৬ জাহাজকে অনুমতি ইরানের
আটকে থাকা বাংলাদেশের ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিল ইরান
হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশের ছয়টি জাহাজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরানের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।
জাহাজ ফেরাতে কাজ করছে দুই দেশ
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আটকে থাকা ছয়টি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। জাহাজগুলো নিরাপদে ফেরত আনার বিষয়ে ইরান ও বাংলাদেশ যৌথভাবে কাজ করছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর চিঠি
তিনি জানান, বাংলাদেশিদের ফেরত আনতে সহায়তা করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের মন্তব্য
তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বিবৃতির বিষয়ে ইরান কিছুটা দুঃখ প্রকাশ করেছে বলেও জানান রাষ্ট্রদূত। তার মতে, উদ্বেগ প্রকাশের পাশাপাশি এই যুদ্ধের নিন্দা জানানো প্রয়োজন ছিল।
বাংলাদেশকে ‘ভাই’ উল্লেখ
রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী বলেন, “বাংলাদেশ হলো ইরানের ভাই। দুর্দিনে এক ভাই আরেক ভাইয়ের পাশে থাকবে—আমরা সেটিই আশা করি।”
