ইসরাইলে আঘাত হানছে ইরানের একের পর এক ‘কদর’ ক্ষেপণাস্ত্র
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরাইল, হাইফায় ক্লাস্টার বোমার আঘাত
ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ৭৮তম দফায় প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরাইলে নতুন করে আঘাত হানার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উত্তর ইসরাইলের হাইফা শহরে একটি ক্লাস্টার বা গুচ্ছ বোমা একটি বাড়িতে আঘাত হানে।
ইসরাইলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানায়, এই হামলায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ওপর পা দিয়ে ৩০ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন।
এছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় এক নারী আঘাত পেয়েছেন এবং আতঙ্কিত হয়ে পড়া কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই সর্বশেষ এই আঘাত হানে। ইসরাইলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
এই হামলার ফলে জেরুজালেম, হাইফা, তেল আবিব এবং পশ্চিম গ্যালিলি এলাকায় সতর্কতা জারি করা হয় এবং বহু স্থানে সাইরেন বেজে ওঠে।
ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্তত একটিতে ক্লাস্টার ওয়ারহেড ছিল, যা আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট অনেক বোমা ছড়িয়ে দেয়।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র আসার সংকেত পাওয়ার পর তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
হোম ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকার মোবাইল ফোনে সরাসরি সতর্কবার্তা পাঠিয়ে জনসাধারণকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
সামরিক বাহিনী জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।
