ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে’ — স্বীকারোক্তি সেনাপ্রধানের

বহুমুখী যুদ্ধের চাপে ভেঙে পড়ার ঝুঁকিতে ইসরাইলি সেনাবাহিনী
আন্তর্জাতিক

বহুমুখী যুদ্ধের চাপে ভেঙে পড়ার ঝুঁকিতে ইসরাইলি সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | ২৬ মার্চ ২০২৬

বহুমুখী যুদ্ধের চাপে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) ভেঙে পড়ার কাছাকাছি চলে এসেছে বলে সতর্ক করেছেন দেশটির সামরিক নেতৃত্ব ও বিরোধী দলের রাজনীতিবিদরা। সৈন্য সংকট ও স্পষ্ট কৌশলের অভাবকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইসরাইলি সামরিক কর্মকর্তাদের সতর্কবার্তা—‘আইডিএফ ধ্বংসের দ্বারপ্রান্তে।’

বিরোধী নেতা ইয়াইর লাপিদ অভিযোগ করেন, সরকার কোনো সুস্পষ্ট কৌশল ছাড়া, পর্যাপ্ত সরঞ্জাম ছাড়া এবং অপ্রতুল সেনা নিয়ে সেনাবাহিনীকে একাধিক ফ্রন্টে যুদ্ধে পাঠাচ্ছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক কর্মকর্তারা নিরাপত্তা মন্ত্রিসভাকে জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী চরম চাপের মুখে রয়েছে।

বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি দেফ্রিন বলেন, বিভিন্ন সীমান্তে আরও যুদ্ধসৈন্য প্রয়োজন। বিশেষ করে লেবানন সীমান্তে যে প্রতিরক্ষা বলয় তৈরি করা হচ্ছে, সেখানে অতিরিক্ত আইডিএফ বাহিনী দরকার।

তিনি আরও জানান, পশ্চিম তীর, গাজা এবং সিরিয়া সীমান্তেও সেনা চাহিদা বেড়েছে।

লাপিদ বলেন, সংরক্ষিত সৈন্যরা ইতোমধ্যে পঞ্চম ও ষষ্ঠ দফা রোটেশনে কাজ করছেন এবং তারা ক্লান্ত ও বিপর্যস্ত হয়ে পড়েছেন। তার মতে, বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সেনাবাহিনীর কাছে পর্যাপ্ত সৈন্য নেই।

এই পরিস্থিতিতে তিনি আল্ট্রা-অর্থোডক্স হারেদি সম্প্রদায়কে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার দাবি জানান। ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার পর থেকে তারা কার্যত সামরিক সেবা থেকে অব্যাহতি পেয়ে আসছেন।

লাপিদ বলেন, যারা সেনা ড্রাফট এড়িয়ে যাবে তাদের সরকারি অর্থায়ন বন্ধ করতে হবে এবং প্রয়োজনে সেনা পুলিশ পাঠিয়ে তাদের আটক করতে হবে।

উল্লেখ্য, ইসরাইলে সামরিক সেবা বাধ্যতামূলক হলেও একটি পুরোনো নিয়ম অনুযায়ী পূর্ণকালীন ধর্মীয় শিক্ষায় নিয়োজিত ব্যক্তিদের এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

Next News Previous News