ফিলিস্তিনিদের জন্য ইসরাইলে ‘মৃত্যুদণ্ড আইন’ পাস, বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া

ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড আইন নিয়ে সমালোচনা

ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস, নিন্দা মানবাধিকার সংগঠন ও ফিলিস্তিনি নেতাদের

প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়ে ইসরাইলের একটি আইন পাসের তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার গোষ্ঠী ও ফিলিস্তিনি নেতারা। তাদের মতে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মৌলিকভাবে বৈষম্যমূলক।

সোমবার (৩০ মার্চ) ইসরাইলের সংসদ নেসেট প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়ে একটি আইন পাস করে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার কট্টর ডানপন্থি মিত্রদের দেয়া প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এই আইন পাস করেন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, নতুন আইন অনুযায়ী অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলিদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য ফাঁসি হবে স্বাভাবিক শাস্তি

সংসদে প্রতিক্রিয়া

আইনটির পক্ষে ছিলেন কট্টর ডানপন্থি ইসরাইলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। সংসদে ৬২-৪৮ ভোটে আইনটি পাস হওয়ার পর তিনি সংসদ কক্ষে শ্যাম্পেন খুলে উদযাপন করেন।

গাজায় চলমান সংঘাত, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সামরিক বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা বৃদ্ধি এবং হাজার হাজার ফিলিস্তিনির গ্রেফতারের ঘটনার মধ্যেই এই আইনটি পাস করা হয়।

ইসরাইলি মানবাধিকার সংস্থার প্রতিক্রিয়া

ইসরাইলের নাগরিক অধিকার সমিতি জানিয়েছে, তারা এই আইনের বিরুদ্ধে দেশটির সর্বোচ্চ আদালতে আপিল করেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিক্রিয়া

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই আইনকে “বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি” হিসেবে নিন্দা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারা জোর দিয়ে বলেছে, অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনি ভূমির ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই।

হামাসের প্রতিক্রিয়া

ফিলিস্তিনি সংগঠন হামাস মৃত্যুদণ্ড আইন পাসের তীব্র নিন্দা জানিয়ে এটিকে একটি বিপজ্জনক নজির হিসেবে আখ্যা দিয়েছে, যা ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের জীবনকে হুমকির মুখে ফেলবে।

মানবাধিকার সংস্থার উদ্বেগ

গাজা-ভিত্তিক ফিলিস্তিনি মানবাধিকার কেন্দ্র (পিএইচসিআর) বলেছে, তারা আইনটির “কঠোরতম ভাষায়” নিন্দা জানাচ্ছে।

“এই আইনটি ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করে এবং আইনের আড়ালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইসরাইলি দীর্ঘদিনের নীতিকে আরও দৃঢ় করে, যা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।”

জাতিসংঘের আহ্বান

ফিলিস্তিনে অবস্থিত জাতিসংঘের মানবাধিকার দপ্তর ইসরাইলকে অবিলম্বে এই বৈষম্যমূলক মৃত্যুদণ্ড আইন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। তাদের মতে, এই আইন আন্তর্জাতিক আইনের অধীনে ইসরাইলের বাধ্যবাধকতারও লঙ্ঘন।

Next News Previous News