ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে, প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ’

জাতিসংঘে কূটনীতিকের দায়িত্ব স্থগিত

ইরানে সম্ভাব্য পারমাণবিক হামলার আশঙ্কা, জাতিসংঘে দায়িত্ব স্থগিত কূটনীতিকের

জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের (পিভিএ) স্থায়ী প্রতিনিধি মোহামাদ সাফা প্রায় ১২ বছরের কূটনৈতিক দায়িত্ব স্থগিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক নোটিশে তিনি দাবি করেছেন, জাতিসংঘ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।

সাফা লিখেছেন,

“আমি মনে করি না মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে, কারণ জাতিসংঘ ইরানে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে।”

তিনি উল্লেখ করেন, তেহরান প্রায় এক কোটি মানুষের শহর। নিজের পোস্টে তিনি বলেন,

“আমি এই তথ্য ফাঁস করতে আমার কূটনৈতিক ক্যারিয়ার বিসর্জন দিয়েছি। নিউক্লিয়ার উইন্টার ঘটার আগেই তা ঠেকাতে আমি আমার দায়িত্ব স্থগিত করেছি, যাতে এই মানবতাবিরোধী অপরাধের অংশ বা সাক্ষী না হতে হয়।”

জাতিসংঘের বিরুদ্ধে অভিযোগ

সাফা অভিযোগ করেন, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা একটি ‘শক্তিশালী লবির’ স্বার্থ রক্ষায় ভিন্নমত দমন করছেন। তার দাবি, গাজা, লেবানন ও ইরানকে ঘিরে সংঘাতের বিষয়গুলোকে জাতিসংঘের শীর্ষ পর্যায় থেকে সঠিকভাবে স্বীকার করা হচ্ছে না।

হুমকি পাওয়ার অভিযোগ

সাফা আরও দাবি করেন, ২০২৩ সালের অক্টোবরের পর ভিন্নমত প্রকাশের চেষ্টা করায় তিনি নিজের ও পরিবারের জন্য মৃত্যুর হুমকি পেয়েছেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক হুমকি নিয়ে ‘ভুয়া প্রচারণা’ চালিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

তিনি জনগণকে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে বলেন,

“একমাত্র জনগণই এটা ঠেকাতে পারবে।”

তার পরিচয়

মোহামাদ সাফা ২০১৩ সাল থেকে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০১৬ সাল থেকে তিনি জাতিসংঘের ইকোসক (ECOSOC)-এ বিশেষ পরামর্শমূলক মর্যাদাপ্রাপ্ত সংস্থার স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।

ডব্লিউএইচওর উদ্বেগ

সাফার এই বক্তব্যের আগে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক হানান বালখিও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন,

“সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে পারমাণবিক ঘটনা, এটাই আমাদের সবচেয়ে বেশি চিন্তিত করছে। আমরা যত প্রস্তুতি নিই না কেন, ক্ষতি পুরোপুরি ঠেকানো সম্ভব নয়। এই অঞ্চলের জন্য এবং বিশ্বের জন্য এর পরিণতি দশকের পর দশক ধরে থাকবে।”

Next News Previous News