বিটিভি ও বেতারকে গণমানুষের কাছে গ্রহণযোগ্য করতে হবে : মন্ত্রী স্বপন

বিটিভি ও বেতারকে গণমানুষের কাছে গ্রহণযোগ্য করতে হবে : মন্ত্রী স্বপন

বরিশাল (গৌরনদী) | ১৯ মার্চ ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে আধুনিক, বস্তুনিষ্ঠ এবং গণমানুষের কাছে গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে সাংবাদিকদের জন্য স্বাধীন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে ধারণ করলে ন্যায়ভিত্তিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তাই সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, ওসি (তদন্ত) মাহবুবুর রহমান, হাইওয়ে থানার ওসি শামীম শেখ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু, জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও গৌরনদী, উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

Next News Previous News