যুবরাজ সালমানের সঙ্গে ফোনালাপ পাকিস্তান প্রধানমন্ত্রীর, কী আলোচনা হলো?
ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, সৌদি আরবের পাশে থাকার ঘোষণা পাকিস্তানের
চলমান মার্কিন-ইসরাইল ও ইরানের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ১৫ দফার একটি প্রস্তাব তৈরি করেছে। অন্যদিকে ইরানও যুদ্ধবিরতি কার্যকরের জন্য পাল্টা ৫টি দাবি উত্থাপন করেছে বলে জানা গেছে।
এদিকে ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের পাশে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বুধবার (২৫ মার্চ) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, ফোনালাপে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি ও চলমান সামরিক উত্তেজনার প্রভাব নিয়ে আলোচনা করেন। তারা অঞ্চল ও বৈশ্বিক নিরাপত্তার ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কঠিন এ সময়ে পাকিস্তান সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন অব্যাহত রাখবে।
তিনি সৌদি আরবের সংযমের প্রশংসা করেন এবং দ্রুত উত্তেজনা কমানো, সংঘাত বন্ধ ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
কূটনৈতিক উদ্যোগের কথা জানালেন শরিফ
শাহবাজ শরিফ জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগ সম্পর্কেও তিনি সৌদি যুবরাজকে অবহিত করেছেন। একই সঙ্গে উভয় দেশ ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে সম্মত হয়েছে।
এর আগে মঙ্গলবার শরিফ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে তিনি আলোচনার আয়োজন করতে আগ্রহী।
যেভাবে শুরু হয় এই সংঘাত
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এরপর থেকে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাল্টা জবাব দিয়ে আসছে।
উপসাগরীয় কয়েকটি দেশেও হামলার ঘটনা ঘটেছে, যদিও তারা এই সংঘাতে জড়িত নয় বলে জানিয়েছে। ফলে পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়ে গেছে।
