এবার মধ্যপ্রাচ্যে আসছে রণতরী ‌‘জর্জ বুশ’

মধ্যপ্রাচ্যে পাঠানো হতে পারে মার্কিন রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে পাঠানো হতে পারে মার্কিন রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ মোতায়েন করা হতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, রণতরীটি মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অধীন এলাকায় পাঠানো হতে পারে, যার আওতায় মধ্যপ্রাচ্য অঞ্চলও রয়েছে।

তবে এটি এখনো স্পষ্ট নয় যে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ওই অঞ্চলে ইতোমধ্যে থাকা মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনইউএসএস জেরাল্ড আর ফোর্ড-এর সঙ্গে যোগ দেবে, নাকি সেগুলোর কোনো একটির পরিবর্তে সেখানে মোতায়েন করা হবে।

গত কয়েক সপ্তাহ ধরে এই দুটি রণতরীই ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিচ্ছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং সংবাদ সংস্থা ইরনার বরাতে জানানো হয়, বুধবার ইরানের নৌবাহিনী তাদের উপকূলে অবস্থিত ‘কাদের’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্যবস্তু বানায়।

ইরানি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক বিবৃতিতে বলেন, “শত্রু পক্ষের বিমানবাহী রণতরীটি আমাদের নজরদারিতে ছিল। এটি আমাদের ক্ষেপণাস্ত্রের সীমানার মধ্যে প্রবেশ করা মাত্রই আঘাত হানা হয়েছে, যার ফলে রণতরীটি তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে।”

তেহরান এই পদক্ষেপকে তাদের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষার অংশ হিসেবে উল্লেখ করেছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং ‘অপারেশন এপিক ফিউরি’র অংশ হিসেবে মার্কিন নৌবাহিনীর এই রণতরীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুর্ঘটনার ধাক্কা সামলে নিয়ে আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপ তাদের নির্ধারিত সামরিক মিশন অব্যাহত রেখেছে।

Next News Previous News