সিলেটে পুলিশকে অটোরিকশা চালকের থাপ্পড়
সিলেট: সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে অটোরিকশা চালকের থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) রাতে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন বাবনা পয়েন্টে এই ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী পুলিশ নিজেই জনরোষ থেকে ওই চালককে উদ্ধার করেন।
ঘটনার বিবরণ
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাতের বেলায় বেপরোয়া গতিতে চলা এক সিএনজি অটোরিকশা চালককে সুবিদবাজার পয়েন্টে পুলিশ সিগন্যাল দেয়। চালক সিগন্যাল অমান্য করে চলে গেলে রিকাবীবাজার পয়েন্টে পুনরায় থামার নির্দেশ দেওয়া হয়, তাতেও সে থামে না।
এক সার্জেন্ট তাকে ধাওয়া করে দক্ষিণ সুরমা থানাধীন বাবনা পয়েন্টে আটক করেন। আটকের সময় এলাকার লোকজন চালককে মারধর করেন। পরে পুলিশের সাথে এলাকার একজনের বাকবিতণ্ডার সময় চালক পুলিশের গালে থাপ্পড় মারেন। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশের পদক্ষেপ
উপস্থিত জনতার হাত থেকে ওই চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী হুশিয়ারি দিয়ে বলেছেন, “পুলিশের কাজে বাধা, হেনস্থা বা গায়ে হাত তোলার ঘটনা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না।”
অপরাধ দমন অভিযান অব্যাহত
নগরে চুরি-ছিনতাই ও অপরাধ কর্মকাণ্ড দমনে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গত ৪ দিনে বিভিন্ন অপরাধে জড়িত ৪শতাধিক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
