ইসরাইলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে: হুতি মুখপাত্র

ইসরাইলে হামলার দাবি হুতি বিদ্রোহীদের
আন্তর্জাতিক

ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলার দাবি হুতি বিদ্রোহীদের

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের ভূখণ্ডে দ্বিতীয় দফায় হামলা চালানোর দাবি করেছে ইরানের মিত্র হিসেবে পরিচিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, শনিবার ইসরাইলের দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয়।

হুতি বিদ্রোহীরা দাবি করেছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরাইলের ‘বেশকিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায়’ আঘাত হানা হয়েছে।

ইয়াহিয়া সারি বলেন, ইসরাইলের বিরুদ্ধে এই হামলা ইরান ও ফিলিস্তিনসহ মিত্রদের ওপর চলমান আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে।

এর আগে হুতি বিদ্রোহীরা যুদ্ধে যোগ দেওয়ার হুমকি দেওয়ার পর ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

শনিবার ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ইয়েমেন থেকে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনা শনাক্ত করা হয়েছে এবং এ ধরনের হুমকি মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

যুদ্ধে নতুন মাত্রা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশ করতে যাচ্ছে। এই পরিস্থিতিতে ইয়েমেনের ভূখণ্ড থেকে হামলার বিষয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক বিবৃতি।

পরে হুতি বিদ্রোহীরা আরেক বিবৃতিতে জানায়, দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইয়াহিয়া সারি সতর্ক করে বলেন, “ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধে যদি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে অন্য কোনো পক্ষ অংশ নেয়, তাহলে সামরিক অভিযানে যোগ দেওয়ার জন্য আমাদের আঙুল বন্দুকের ট্রিগারে রয়েছে।”

Next News Previous News