ইসরাইলের পক্ষ নিয়ে ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিল উগান্ডা

ইসরাইলকে ধ্বংসের চেষ্টা হলে যুদ্ধে নামবে উগান্ডা: জেনারেল কাইনেরুগাবা
আন্তর্জাতিক

ইসরাইলকে ধ্বংসের চেষ্টা হলে যুদ্ধে নামবে উগান্ডা: জেনারেল কাইনেরুগাবা

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ মার্চ ২০২৬

উগান্ডার জেনারেল মুউহুজি কাইনেরুগাবা বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়া উচিত। তবে কেউ যদি ইসরাইলকে ধ্বংস বা পরাজিত করার চেষ্টা করে, তাহলে উগান্ডা ইসরাইলের পক্ষে যুদ্ধে নামবে।

তিনি বলেন, “আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হোক। কিন্তু ইসরাইলকে ধ্বংস বা পরাজিত করার কথা উঠলে আমরা ইসরাইলের পক্ষেই যুদ্ধে অংশ নেব।”

জেনারেল কাইনেরুগাবা উগান্ডার প্রেসিডেন্ট ইউওয়েরি মুসেভেনির ছেলে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক ইরান হামলা এবং তার পাল্টা হামলার জেরে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই তার এই মন্তব্য সামনে এসেছে।

সম্প্রতি তিনি আরেকটি কারণেও আলোচনায় এসেছেন। ১৯৭৬ সালে উগান্ডার এন্টেবে বিমানবন্দরে ইসরাইলি কমান্ডো অভিযানে নিহত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইয়োনাতান ‘ইয়োনি’ নেতানিয়াহুর স্মরণে একটি মূর্তি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি।

এদিকে ফেব্রুয়ারির শেষ দিক থেকে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হয়েছে। ইসরাইল ও ইরানের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে, যার প্রভাব পড়ছে প্রতিবেশী দেশগুলোতেও।

Next News Previous News