চাঁদপুরে ৬ মুসল্লিকে নিয়ে ঈদের নামাজ আদায়
চাঁদপুরে ৬ মুসল্লিকে নিয়ে ঈদের নামাজ আদায়
হাজীগঞ্জ (চাঁদপুর) থেকে উপ-প্রতিনিধি জানাচ্ছেন, ১৯ মার্চ ২০২৬
চাঁদপুরের হাজীগঞ্জে মাত্র ৬ মুসুল্লিসহ হাজীগঞ্জের সাদ্রাতে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত পরিচালনা করেন মাওলানা আবু বক্কর ছিদ্দিক, যিনি সাদ্রা দরবার শরীফের প্রয়াত পীর মাওলানা ইছহাক সাদ্রাবীর মেজো ছেলে।
কয়েক যুগ ধরে হাজীগঞ্জ উপজেলা বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা দরবার শরীফের অনুসারী ৪০টি গ্রাম সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করতেন। তবে পীরের মৃত্যুর পর গত বছর থেকে বংশধরদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বর্তমানে পীর মুফতি আরিফ বিল্লাহ সাদ্রাবী এবং তার চাচা জাকারিয়া আল মাদানী পৃথক পৃথক জামাতের মাধ্যমে একদিন আগে ঈদ উদযাপন করেন।
মাওলানা আবু বক্কর ছিদ্দিক গত বছর থেকে দুই দিন আগে ঈদের জামাত করে আসছেন। তার ধারাবাহিকতায় এবারও তিনি ৬ মুসুল্লি নিয়ে নিজ বাড়ির আঙিনায় ঈদ-উল-ফিতরের জামাত আদায় করেন। তিনি নিজেই ইমামতি করেন।
মাওলানা ছিদ্দিক জানান, বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখা গেলে এবং ঈদ উদযাপন হলে তা অনুযায়ী ঈদ করা জায়েজ। গতকাল আফগানিস্তানে চাঁদ দেখা গেছে এবং আজ সেখানে ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। তাই আমরা তাদের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছি।
