নীলসাগর এক্সপ্রেসের দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও চালক বরখাস্ত

নীলসাগর এক্সপ্রেসের দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও চালক বরখাস্ত

বগুড়া, আদমদিঘি (সান্তাহার) – ১৯ মার্চ ২০২৬

বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় স্টেশন মাস্টার এবং ট্রেন চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদযাত্রা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, "গতকাল বগুড়ার সান্তাহার ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের ভোগান্তির খোঁজ নিতে কাউকে না জানিয়েই রেলস্টেশনে এসেছি। দুর্ঘটনার কারণে নীলসাগর এক্সপ্রেসএকতা এক্সপ্রেস–এই দুটি ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটে। তবে অন্যান্য ট্রেন নির্ধারিত সময়েই কমলাপুর থেকে ছেড়ে গেছে। সান্তাহারের দুর্ঘটনা কাটিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।"

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, "এখনই সফলতা-ব্যর্থতার দায় নিয়ে কিছু বলা যাবে না। যাওয়া-আসা পর্যবেক্ষণ করছি। ঈদযাত্রা শেষে এ বিষয়ে ফলাফল জানা যাবে।"

তিনি আরও বলেন, "যাত্রীদের অনেকের সঙ্গে কথা হয়েছে। তারা স্বস্তির কথা জানিয়েছেন। যেসব ত্রুটি ও বিশৃঙ্খলা রয়েছে, তা দ্রুত কাটিয়ে ওঠা হবে। যেকোনো দুর্ঘটনার দায় সরকারের ওপরই আসে, তাই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কাজ চলছে।"

প্রতিমন্ত্রী জানান, রেল যোগাযোগ বাড়াতে সরকার কাজ করছে এবং এ বিষয়ে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা চলছে।

Next News Previous News