যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে বিস্ফোরণ

টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
আন্তর্জাতিক

টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে মার্কিন তেল-গ্যাস কোম্পানি ভালেরোর মালিকানাধীন একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতার কারণে আশপাশের এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভালেরোর বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের পর সব কর্মীর খোঁজ পাওয়া গেছে এবং কেউ নিখোঁজ নয়। কর্মীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে শোধনাগারটিতে বিশাল আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দে আশপাশের অনেক বাড়ির জানালার কাচ ভেঙে গেছে।

শোধনাগারের তথ্য

পোর্ট আর্থার শহরটি হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল পূর্বে অবস্থিত। ভালেরোর তথ্য অনুযায়ী, শোধনাগারটিতে প্রায় ৮০০ কর্মী কাজ করেন এবং প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয়। এখানে গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েলও উৎপাদন করা হয়।

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে।

Next News Previous News