নৌপথে অনিয়ম : সদরঘাটে ৭০ হাজার টাকা জরিমানা, আটক ৩৭
নৌপথে অনিয়ম : সদরঘাটে ৭০ হাজার টাকা জরিমানা, আটক ৩৭
জাতীয় | ১৯ মার্চ ২০২৬
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে রাজধানীর সদরঘাটে দিনব্যাপী অবস্থান করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তার উপস্থিতিতে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৩৭ জনকে আটক করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী সরেজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
পরিদর্শনকালে নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে বিলম্বে লঞ্চ ছাড়ার অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ভ্রাম্যমাণ আদালত তিনটি লঞ্চকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করে। পাশাপাশি অন্যান্য লঞ্চগুলোকে সতর্ক করা হয়।
প্রতিমন্ত্রী সশরীরে প্রায় ২০টি লঞ্চ পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।
যাত্রীদের হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩৭ জন হকারকে আটক করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া অবৈধভাবে নৌকা দিয়ে যাত্রী পারাপারের দায়ে আরও ৬ জন নৌকা চালককে আটক করা হয়েছে।
প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থাকে দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।”
তিনি যাত্রীদের সচেতনভাবে চলাচলের আহ্বান জানান এবং কোনো অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেন।
এদিকে, সাম্প্রতিক লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের উদ্ধারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
