হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন মার্কিন প্রেসিডেন্ট
হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলে উল্লেখ করেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
এরপর তিনি মজা করে বলেন, “মাফ করবেন, আমি দুঃখিত। কী ভয়ানক ভুল।” পরে আবার বলেন, “ভুয়া খবরে বলা হবে, তিনি ভুল করে বলেছেন। না, আমার ভুল হয়নি—খুব একটা নয়।”
ট্রাম্প ইরানকে খুব শিগগিরই হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানান। অন্যথায় ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়ার হুমকিও দেন তিনি।
তবে একই সঙ্গে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা আরও ১০ দিনের জন্য স্থগিত রাখা হবে। তার মতে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছে, তাই আপাতত হামলা বন্ধ রাখা হচ্ছে।
যদিও হামলা স্থগিতের কথা বললেও শুক্রবারের ওই অনুষ্ঠানেই ট্রাম্প দাবি করেন, ইরানে আঘাত হানার জন্য যুক্তরাষ্ট্রের তালিকায় এখনো ৩ হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তু রয়েছে এবং খুব শিগগিরই সেগুলোতে হামলা চালানো হতে পারে।
তিনি আরও বলেন, “ইরান এক সময় শক্তিশালী দেশ ছিল, কিন্তু এখন আর তেমন শক্তিশালী নয়।”
