ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেফতার

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেফতার
জাতীয়

সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ গ্রেফতার

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, তাকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল

গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।

দুর্নীতির অভিযোগ

অভিযোগে বলা হয়েছে, ডিজিএফআইয়ের সাবেক এই মহাপরিচালকের বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

এছাড়া তার নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়েও অনুসন্ধান চলছে।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়—অভিযুক্তরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন ছিল।

Next News Previous News