ইরান হামলা বন্ধ করলে কালই হরমুজ খুলবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি চলাচল বাড়ছে: মার্কো রুবিও
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি চলাচল বাড়ছে: মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ মার্চ ২০২৬

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে আবারও জ্বালানি চলাচল বাড়তে শুরু করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ যোগাযোগেও কিছু অগ্রগতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

বৃহস্পতিবার ফ্রান্সে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান। রুবিও বলেন, কয়েকটি মধ্যস্থতাকারী দেশ দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান করছে এবং এই প্রক্রিয়ায় কিছু অগ্রগতি হয়েছে।

রুবিও বলেন, “প্রণালী দিয়ে এখন আগের চেয়ে বেশি জ্বালানি যাচ্ছে। যতটা যাওয়ার কথা ততটা না, তবে কিছুটা বেড়েছে।”

তিনি আরও বলেন, “বার্তা বিনিময়ের ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে। তবে এই প্রক্রিয়া এখনো চলমান এবং আমরা এটি মিডিয়ার সামনে আলোচনা করব না।”

রুবিও দাবি করেন, ইরান যদি বিশ্ব জাহাজ চলাচলে হুমকি দেওয়া বন্ধ করে, তাহলে হরমুজ প্রণালী খুব দ্রুতই আবার পুরোপুরি খুলে যেতে পারে। আন্তর্জাতিক আইন নিয়ে যারা কথা বলে, তাদের এ বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের খুব অল্প জ্বালানি হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল। বরং বিশ্বের অনেক দেশ এই জলপথের ওপর বেশি নির্ভরশীল, তাই তাদেরই বেশি উদ্যোগ নেওয়া প্রয়োজন।

রাশিয়া ইরানকে সমর্থন দিচ্ছে কি না—এ প্রশ্নের জবাবে রুবিও বলেন, মস্কো বর্তমানে মূলত ইউক্রেন যুদ্ধ নিয়েই ব্যস্ত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে ফেব্রুয়ারির শেষ দিক থেকে হরমুজ প্রণালীতে বড় ধরনের সংকট তৈরি হয়। এর ফলে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহে প্রভাব পড়ে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়।

Next News Previous News