হরমুজ প্রণালিতে যেসব জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
ইরান: হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না
আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়ে ইরান নতুন নির্দেশনা দিয়েছে। দেশটির সরকার জানিয়েছে, হরমুজে ‘অশত্রুভাবাপন্ন’ জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না।
মঙ্গলবার জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংক্রান্ত বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর সদস্যরাষ্ট্রগুলোর কাছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগ্রাসী শক্তি যেন হরমুজ প্রণালিকে হামলার জন্য ব্যবহার করতে না পারে, সেজন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং চলমান যুদ্ধে তাদের পক্ষাবলম্বী দেশগুলোর বাণিজ্যিক জাহাজগুলো ‘অশত্রুভাবাপন্ন’ হিসেবে বিবেচিত হবে না। চিঠির অনুলিপি ইতোমধ্যে আইএমও-এর সব সদস্য রাষ্ট্রের কাছে পৌঁছেছে।
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বে প্রতিদিন চলাচলকারী তেল ও তরল গ্যাসবাহী জাহাজের প্রায় ২০% এই রুট ব্যবহার করে। হরমুজ প্রণালিকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ বলা হয়, কারণ মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি এই পথ ব্যবহার করে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিভিন্ন জাহাজের নাবিকদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিছু জাহাজে হামলাও চালানো হয়েছে। নিরাপত্তা সংকটের কারণে হরমুজ রুটে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বে জ্বালানি সংকটও শুরু হয়েছে।
