ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটারজুড়ে যানজট
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট
অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) দিনগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে করাতিপাড়া পর্যন্ত থেমে যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের।
গাজীপুরের টুঙ্গি থেকে আসা সবুজ মিয়া বলেন, "গত রাতে বাস না পেয়ে ট্রাকে উঠেছি। দেড় ঘণ্টার সড়ক আসতে সময় লেগেছে প্রায় ১২ ঘণ্টা। মহাসড়কের পৌলিতে এসেও আটকে আছি। রোদ ও গরমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।"
নারীযাত্রী রেহেনা বেগম বলেন, "আমি রাজশাহী যাবো। চন্দ্রার পর থেকে যানজট। একটু যায়, আবার আটকে যায়। এভাবে ৮ ঘণ্টায় টাঙ্গাইল আসলাম।"
আরেক যাত্রী খোরশেদ মিয়া বলেন, "কোনো বাসেই আসন ফাঁকা নেই। দাঁড়ানোর জায়গাও নেই। বাধ্য হয়ে তিনগুণ বেশি ভাড়া দিয়ে ট্রাকে যাচ্ছি। রোদে কষ্ট হচ্ছে।"
