দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না’
দুর্নীতিতে জড়িত হলে রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা: এ্যানি
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কেউ যদি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হন—তিনি সরকারি কর্মকর্তা হোন বা রাজনৈতিক ব্যক্তি—তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক।
পানিসম্পদ মন্ত্রী বলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রায় ১৫ কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে আটকে রয়েছে। শুধু একটি ব্যাংক নয়, দেশে ৭-৮টি ব্যাংক বর্তমানে অচল অবস্থায় রয়েছে লুটপাট ও টাকা পাচারের কারণে।
তিনি বলেন, একটি কঠিন সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। এই সময় পার করতে সবার আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।
এ্যানি চৌধুরী বলেন, দেশে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে, কিন্তু এর প্রকৃত সুবিধাভোগী গ্রামের সাধারণ মানুষ নয়। অনেক ক্ষেত্রে ১ হাজার কোটি টাকার প্রকল্প ১০ হাজার কোটি টাকায় বাস্তবায়ন করা হয়েছে।
তার মতে, এসব মেগা প্রকল্পে বড় ধরনের দুর্নীতি হয়েছে।
তিনি বলেন, জেলা পরিষদ, পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, সড়ক বিভাগ কিংবা এলজিইডি—যেখানেই হোক, কোনোভাবে যেন দুর্নীতি না হয়।
তিনি আরও বলেন, সরকার এ বিষয়ে সম্পূর্ণভাবে সচেতন এবং প্রধানমন্ত্রীও এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানসহ আরও অনেকে।
