পদ্মায় পড়ে যাওয়া বাসযাত্রীদের নিয়ম মেনে আগেই নামানোয় প্রাণহানি হয়নি: মন্ত্রণালয়
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নৌপরিবহন মন্ত্রণালয়ের দাবি, ফেরিতে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, মন্ত্রণালয়ের নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী ফেরিতে বাস ও অন্যান্য যানবাহন ওঠানোর আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার বিধান কার্যকর থাকায় দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের একটি নন-এসি বাস ৭ নম্বর ফেরিঘাটে ‘করবী’ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের র্যাম্প (ডালা) ভেঙে পদ্মা নদীতে তলিয়ে যায়।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেয়। পরে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর বেলা ১১টা ৫৫ মিনিটে বাসটি উদ্ধার করে।
উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে একটি বাস নদীতে ডুবে ২৬ জন নিহত হন। ওই মর্মান্তিক ঘটনার পর কর্তৃপক্ষ ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়ার বাধ্যতামূলক নির্দেশনা জারি করে।
সেই নির্দেশনা অনুসারে এবারের দুর্ঘটনায় বাসের যাত্রীরা আগেই নেমে পায়ে হেঁটে ফেরির দিকে যাচ্ছিলেন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া ঘাট এলাকায় কোনো নিখোঁজ যাত্রীর স্বজনের ভিড় বা আহাজারিও দেখা যায়নি।
