হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য
আখাউড়ায় ঝড়ে উপড়ে পড়া গাছ আবার দাঁড়িয়ে যাওয়ার দাবি, এলাকায় চাঞ্চল্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে উপড়ে পড়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবার দাঁড়িয়ে গেছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে অলৌকিক ঘটনা বলে মনে করছেন, আবার অনেকে এর পেছনে স্বাভাবিক কারণ খুঁজছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে এক শক্তিশালী ঝড়ে মুন্সীবাড়ির পুকুরপাড়ে থাকা একটি বড় গাছ শিকড়সহ উপড়ে মাটিতে পড়ে যায়। পরে গাছটি বিক্রি করা হলে কাঠুরিয়া গাছের ডালপালা ও বিভিন্ন অংশ কেটে ফেলতে শুরু করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, কাটার কাজ চলাকালীন সময়েই গাছটির অবশিষ্ট অংশ হঠাৎ করে আবার আগের অবস্থানের মতো দাঁড়িয়ে যায়। এরপর থেকেই ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রায় ১৫ ফুট উচ্চতার ডালপালাবিহীন গাছের একটি অংশ সামনের দিকে কিছুটা হেলে দাঁড়িয়ে রয়েছে। গাছটির শিকড় ও গোড়ার অংশ এখনও দৃশ্যমান। কেটে ফেলা ডালপালা ও কাঠের অংশগুলো পাশে পড়ে আছে।
ঘটনার পর গাছটিতে লাল কাপড় বাঁধা হয়েছে এবং চারপাশে নিশানা টানানো হয়েছে। কৌতূহলী মানুষজন গাছটি দেখতে ভিড় করছেন।
তবে এ ঘটনাকে ঘিরে ভিন্নমতও রয়েছে। অনেকের মতে, গাছের ভারসাম্য পরিবর্তন, শিকড়ের অবস্থান এবং মাটির চাপের কারণে এমনটি ঘটতে পারে। ফলে বিষয়টি অলৌকিক নাকি প্রাকৃতিক কারণে ঘটেছে, তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
